গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও সহিংসতার প্রতিবাদে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে পতাকা উত্তোলন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কলরব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ফিলিস্তিনের পতাকা উত্তোলনের পাশাপাশি গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রি, ফ্রি প্যালেস্টাইন, আমেরিকার দালালেরা, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান এবং ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে তারা কিছু সময় ফিলিস্তিনের পতাকা হাতে ক্যাম্পাসে অবস্থান করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং চলমান মানবিক সংকটের প্রতিবাদ জানাতেই এ আয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশই ছিল তাদের উদ্দেশ্য।
৪৯তম ব্যাচের অ্যাপারেল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আশরাফুল হক দিপু বলেন, আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও ফিলিস্তিনের মানুষের পাশে আছি। পতাকা উত্তোলনের মাধ্যমে সেই বার্তাই দিতে চাই। গাজায় চলমান মানবিক সংকট যেন মানুষের মনোযোগ থেকে হারিয়ে না যায়।
৫২তম ব্যাচের সুতা প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালানো হয়েছে। আমরা চাই, ফিলিস্তিনের মানুষের নিরাপদে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হোক এবং বিশ্ববাসী এই সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হোক।
৫১তম ব্যাচের সুতা প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ হাসান বলেন, নিরীহ মানুষের প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচি। সমাজে সচেতনতা তৈরি এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বার্তা দিতেই আমরা একত্রিত হয়েছি।
কর্মসূচির শেষে শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি গাজার মানবিক সংকট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান।
আরটিভি/জেএমএ



